শিক্ষা ও খেলাধূলা বাদ দিলে, অনেক প্রতিভাই ফুঁটে ওঠার মঞ্চ না পেয়ে মুকুলেই বিনষ্ট হয় বা লুকিয়ে থাকে মনের অগোচরে। লজ্জায় বা ভয়ে কেউ তাদের এই লুকিয়ে থাকা প্রতিভা প্রকাশ করে না। এই জায়গা থেকে স্কুলের কিছু প্রাক্তনী চিন্তাভাবনায় উঠে আসে পত্রিকা প্রকাশের কথা। সেই লক্ষ্যে শনিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা কালিয়াগঞ্জের সাহিত্য চর্চার প্রসারে সম্মিলিত উদ্যোগে "উন্মেষ" নামে একটি সাম্মাসিক পত্রিকার সূচনা করে। পত্রিকার উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা সহ ছাত্রছাত্রীরা।
এই পত্রিকার সাথে যুক্ত এক ছাত্র জানায়, অনেক ছাত্র-ছাত্রীদের প্রতিভা থাকা স্বত্বেও তারা পথ খুঁজে পায় না। সেই সব প্রতিভাদের তুলে ধরতে "উন্মেষ" নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে তারা। এদিন এই পত্রিকাটির উদ্বোধন হওয়ায় খুশি তারা।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা জানান, তার বিদ্যালয়ের প্রাক্তন কিছু ছাত্র সাহিত্যের উপরে "উন্মেষ" নামে একটি পত্রিকা তৈরী করেছিল। এদিন তার সূচনা করা হয়। ছাত্রদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।